দুর্গাপুর,০৮.০১.২০২৫ঃ- দুর্গাপুর রিকল পার্কের মোড় থেকে সিটি সেন্টার পর্যন্ত রাস্তা চওড়া করার জন্য অকাতরে গাছ কাটার বিরুদ্ধে আজ দুর্গাপুরের এস ডি এমে'র কাছে স্মারকলিপি প্রদান করে প্রতিবাদ জানালো পঃবঃবিজ্ঞান মঞ্চে'র দুর্গাপুর মহুকুমার পাঁচটি বিজ্ঞান কেন্দ্রের প্রতিনিধি দল। এর আগে মহুকুমার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত জঙ্গলে আগুন লাগানোর বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। ফলতঃ অগ্নিসংযোগ সাময়িক ভাবে বন্ধ হলেও এলাকার মানুষের সঙ্গে প্রশাসন ও বিজ্ঞান মঞ্চের সভা করার কাজটি সংঘটিত হয় নি। এমতাবস্থায় সকলেই জানেন যে দুর্গাপুরের বায়ুমণ্ডলের মান আসানসোলের থেকেও অবনমিত হওয়ায় শ্বাস প্রশ্বাসের রোগ বাড়ছে। তার বিরুদ্ধেও বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে গত ২৭.১১.২০২৪ তারিখেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে স্মারকলিপি দেয়া হয়। প্রযুক্তিবিদ মহাশায় তৎক্ষণাৎ সভা করেন এবং কিছু কারখানার বিরুদ্ধে বিধিসম্মত ব্যবস্থা নেওয়ার কথা জানান। এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে HMPV ভাইরাসের হুমকি। এস ডি এম মহাশয় বিজ্ঞান মঞ্চের উদ্যোগকে স্বাগত জানান। উনি গাছ পুনঃস্থাপন প্রযুক্তির সাহায্যে গাছ বসানোর বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান। এই আলোচনা সভায় বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের আমন্ত্রণ করা হবে বলে জানান। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে ঐ সভায় ডি এফ ও, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ,এডিডিএ ও ডি এম সি'র প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনাটি সংগঠিত করার যুক্তি উপস্থাপন করা হয়। বিজ্ঞান মঞ্চের প্রতিনিধি দল মনে করিয়ে দেন যে ২০২৩ সালের জলবায়ু ধর্মঘটের দিন(১৫.৯.২০২৩)থেকে নির্মল পরিবেশ আমার জন্মগত অধিকার, তাকে প্রতিষ্ঠিত করতে বিজ্ঞান মঞ্চ লাগাতার লেগে আছে। কারণ পঃবঃবিজ্ঞান মঞ্চ মানুষের কাছে দায়বদ্ধ। তার থেকে বিজ্ঞান মঞ্চ সরবে না। তাই আজ গ্যালিলিওর প্রয়ান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই স্মারকলিপি জমা দেয়া হলো। আজকের প্রতিনিধি দলে ছিলেন রাজ্য কমিটির সদস্য রাম প্রনয় গাঙ্গুলী, অরুণ কিরন চ্যাটার্জি,রাজ্য কাউন্সিল সদস্য তথা জেলা সভাপতি শ্রীকান্ত চট্টপাধ্যায়, ধনুষধারী রায়, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কে এফ আর সিদ্দিকী, প্রদ্যুৎ মুখার্জি ও দেবব্রত চৌধুরী এবং সিটি সেন্টার গোপাল চন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান সভার নেতৃত্ব বরুন ঘোষ ও মানস পাল প্রমুখ।

