রাত পেরোলেই নবান্ন অভিযান বিজেপির, অশান্তি এড়াতে সীমান্তে নাকা চেকিং। নবান্ন অভিযানের আগের দিন কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি ও কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে আসানসোলের বাংলা-ঝাড়খন্ড সীমান্তবর্তী ডুবুরডিহি চেকপোস্টে নাকা চেকিং করা হয়। ভিন রাজ্য থেকে আগত চারচাকা গাড়ি ও মোটরবাইক থামিয়ে তল্লাশি চালানো হয় এবং যাত্রীদের গন্তব্যস্থলের তথ্য নিয়ে খাতায় নথিভুক্ত করা হয়। পরিচয়পত্রও যাচাই করা হয়। ভিন রাজ্য থেকে যাতে কেউ এ রাজ্যে প্রবেশ করতে না পারে তার জন্য চিরুনি তল্লাশি চালায় পুলিশ। রাজ্য প্রশাসন চায় যাতে নবান্ন অভিযানে রাজ্যের বাইরে থেকে কোনো দুষ্কৃতী প্রবেশ করে অশান্তি সৃষ্টি না করতে পারে, তাই পুলিশের পক্ষ থেকে এই নাকা চেকিং করা হয়েছে। অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়ন ছিল সীমান্ত এলাকায়।

