পাণ্ডবেশ্বরের কৃষকদের সুবিধার্থে বিধায়কের উদ্যোগে চালু করা হলো "ফারমার্স ক্লাব"। কৃষক সমবায়ের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় "কৃষি সম্মেলন"। একই সঙ্গে কৃষকদের সেচ ব্যবস্থার উন্নতির জন্য সৌরশক্তি চালিত তিনটি সাবমারসিবল পাম্পের উদ্বোধন করা হয়।
মূলত কয়লা অঞ্চলের শুষ্ক এলাকায় কৃষকদের সাহায্য করতে ও তাদের উদ্বুদ্ধ করতে এই ক্লাব খোলা হয়েছে। এই সমবায় ক্লাবটির নামকরণ করা হয়েছে "পাণ্ডবেশ্বর কৃষি ক্রান্তি FPO মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড"। মহাল অঞ্চলের কৃষি জমির মাঝে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন কৃষকের উৎপাদিত কৃষি সামগ্রীর প্রদর্শনী করা হয়।
সম্মেলনে পাণ্ডবেশ্বর ব্লকের বিভিন্ন এলাকার কৃষকদের সম্মাননা পত্র তুলে দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, "পাণ্ডবেশ্বর বিধানসভা নিয়ে আমার কয়েকটি স্বপ্নের মধ্যে একটি ছিল কৃষকদের জন্য ফারমার্স ক্লাব তৈরি করা। আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে কয়লা অঞ্চলেও কৃষি জমির ভালো ফলন হতে পারে। কৃষক সমবায় গঠনের ফলে বহু কৃষক উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন।"
এ বিষয়ে কৃষক শেখ বাপি বলেন, "মাননীয় বিধায়ক আমাদের স্বপ্ন পূরণ করেছেন। এই সমবায় গঠনের ফলে প্রায় ৬০০ বিঘা জমির কৃষকেরা উপকৃত হচ্ছেন। আমরা আশা করি ভবিষ্যতে এই সমবায় আরও উচ্চপর্যায়ে পৌঁছাবে।"

