আবাস যোজনা নিয়ে ফের বিতর্কের শিরোনামে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। সোমবার এই যোজনার তালিকায় স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি সরব হয়। এদিন অন্ডালের বিডিও অফিসে বিজেপির নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, আবাস যোজনার তালিকায় ন্যায্য উপভোক্তাদের বঞ্চিত করে স্বজনপোষণ করা হয়েছে, বিশেষত স্থানীয় খান্দরা ও উখড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। এই অবস্থায় সঠিক তালিকা প্রকাশ এবং ন্যায্য উপভোক্তাদের অন্তর্ভুক্তির দাবি জানায় বিজেপি নেতৃত্ব। ব্লক প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে, যে কোনো সমস্যার সমাধানে প্রশাসন তৎপর রয়েছে বলে দাবি করেন জেলা তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায়।

