সাইবার প্রতারণার মূল চাবিকাঠি হয়ে উঠছে চুরির মোবাইল। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এরপর থেকেই রাজ্যের সর্বত্র চুরির মোবাইল উদ্ধারের জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ধারাবাহিকভাবে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে সেগুলো মালিকদের হাতে ফিরিয়ে দিচ্ছে।
তবে চক্রের মাথাদের খুঁজে বের করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এবার সেই মোবাইল চুরি চক্রের মূল পাণ্ডাদের গ্রেপ্তার করলো বিধান নগর ফাঁড়ির পুলিশ। এসআই মিহির কুমার দে- র নেতৃত্বে বড় সাফল্য পেল বিধাননগর ফাঁড়ির পুলিশ। সোমবার সকালে কাঁকসার গোপালপুর থেকে সুভাষ মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যে চোরাই মোবাইল কিনে তা বিক্রি করতো। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পুলিশ মোবাইল চুরির দুই মাস্টারমাইন্ডের নাম জানতে পারে।
এরপর সোমবার রাতেই বীরভূমের দুবরাজপুর থানা এলাকা থেকে শেখ এনামুল ও শেখ আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় দশটি দামি মোবাইল। মঙ্গলবার ধৃত তিনজনকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ এখন জানতে চাইছে, এই দুই ব্যক্তি ঠিক কতগুলো মোবাইল চুরি করেছে, তাদের সঙ্গে আর কে কে যুক্ত, এবং কোথায় কোথায় চোরাই মোবাইল বিক্রি করা হতো।

