গাঁজা পাচারের পর্দা ফাঁস। পুলিশের হাতে গ্রেপ্তার চার। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় কোকওভেন থানার পুলিশ। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদের তিন যুবক সহ মোট চারজনকে। আটক করা হয়েছে একটি সাদা চারচাকা গাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় গাঁজা পাচারের খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ গ্যামন ব্রিজ থেকে রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকের দিকে যাওয়ার রাস্তায় নাকা চেকিং শুরু করে। সেই সময় একটি সাদা চারচাকা গাড়িকে দাঁড় করানো হয়। গাড়িতে তখন চালক সহ মোট চারজন ছিল। তল্লাশির সময় ডিকি খুলতেই পুলিশ কর্মীদের নজরে আসে তিনটি ট্রলি ব্যাগ ও তিনটি কালো ব্যাগ। ব্যাগগুলো খুলে দেখা যায়, সেগুলিতে গাঁজা ভরা রয়েছে। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা চারজনকেই গ্রেফতার করা হয়। ধৃতরা হল দুর্গাপুরের রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল এবং মুর্শিদাবাদের রানিনগরের আনারুল ইসলাম, দিলদার মন্ডল ও আব্দুল খালেক শেখ। গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৭৫ কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মুর্শিদাবাদের তিন যুবক উড়িষ্যার বারপল্লী থেকে ট্রেনে করে ধানবাদ হয়ে দুর্গাপুর স্টেশনে পৌঁছায়। স্টেশনে তাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন বেনাচিতির রামকৃষ্ণপল্লীর বাসিন্দা ভরত কুমার জয়সওয়াল। সেখান থেকে গাড়িতে করে রাতুড়িয়া-অঙ্গদপুরের রাস্তা ধরে ওয়ারিয়ারের দিকে রওনা দেয় তারা। সেখানেই গাঁজা পাচারের পরিকল্পনা ছিল। তবে তার আগেই পুলিশ তাদের পথেই আটকে দেয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদক মামলার আওতায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

