Saturday, 20 Jun 2026

নবান্ন অভিযানকারীদের পানাগড় রেলস্টেশনে বাধা পুলিশের

IMG

পানাগড় রেলস্টেশনে নবান্ন অভিযানে যাওয়ার আগেই পুলিশের বাধার মুখে পড়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং বিজেপি নেতা রমন শর্মা। কাঁকসা থেকে কলকাতায় রওনা দেওয়ার পথে, স্টেশনে কাঁকসা থানার পুলিশ তাঁদের আটকে দেয়। তবুও, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও বিজেপির বেশ কয়েকজন কর্মী ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এবং জাতীয় পতাকা নিয়ে যাত্রা শুরু করেন। 


আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ছাত্রদের ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। ছাত্রদের এই অভিযানের সমর্থন জানিয়ে বিজেপি-ও অংশগ্রহণ করে। তবে স্টেশনে পৌঁছাতেই পুলিশের বাধা পান তাঁরা। পুলিশ জানান, জাতীয় পতাকায় ফাইবার স্টিক লাগিয়ে নিয়ে যাওয়া যাবে না। পুলিশের আচরণে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদীরা স্টেশনের মধ্যেই মিছিল শুরু করেন, যার ফলে স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে পিছু হটতে বাধ্য হতে হয় বলে দাবি করা হয়েছে।

Share: