"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে"—এই মন্ত্রকে পাথেয় করেই পশ্চিম বর্ধমান জেলার স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা এগিয়ে চলেছে। কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয় ও কাঁকসা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে পাঁচ বছর আগে শুরু হয়েছিল এই সংগঠনের পথচলা।
প্রথমে নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রান্তিক এলাকার মানুষদের চাহিদা অনুযায়ী উপহার সামগ্রী তুলে দেওয়া হত। পরে এই মহৎ কাজে যুক্ত হন এলাকার কিছু শুভাকাঙ্ক্ষী। সকলের সহযোগিতায় এই বছর প্রচেষ্টা পৌঁছে গিয়েছিল দেবশালা অঞ্চলের পাথুরিয়া ও হাড়িফেলা গ্রামে।
সমাজসেবী হাসমত আলী চৌধুরী জানান, তারা সাধ্যমতো এই দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। গ্রামের মানুষদের জন্য নতুন বস্ত্র, শীতবস্ত্র, পড়ুয়াদের জন্য পড়াশোনার সামগ্রী ও ফুটবল, মহিলাদের জন্য শাড়ি ও স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।
এই সেবামূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন হাসমত আলী চৌধুরী, উদিত রায়, সৌরভ কেশ, পূর্বাশা বিশ্বাস প্রমুখ। এদিন প্রচেষ্টার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শতরূপা ঘোষ, শতাব্দী পাঠক, নিসার আলী মন্ডল, সেলিম খান, আজফর মল্লিক এবং আরও অনেকে।

