Wednesday, 05 Aug 2026

নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ছুটি বাতিলের সিদ্ধান্তে বিক্ষোভ বাংলা পক্ষের

IMG

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে ছুটি বাতিল করেছে রেল কর্তৃপক্ষ—এই অভিযোগ তুলে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের গেটের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হয় বাংলা পক্ষ। তাদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ নেতাজিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না, যা বাংলা ও বাঙালিদের প্রতি অসম্মানের সমান। একইসঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত এই সংস্থায় তাকেও যথাযথ সম্মান দেওয়া হয় না বলে অভিযোগ তোলেন বাংলা পক্ষের পশ্চিম বর্ধমানের প্রতিনিধি অক্ষয় বন্দ্যোপাধ্যায়।  


বাংলা পক্ষের সদস্যরা আরও জানান, নেতাজির জন্মদিবসের ছুটি পুনর্বহালের দাবিতে তারা সিএলডব্লিউ-র জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি দিতে গেলে বাধার সম্মুখীন হন। যদিও পরে তাদের জিএম অফিসে ডেকে পাঠানো হয় এবং অভিযোগ সংক্রান্ত স্মারকলিপি গ্রহণ করা হয়।  


এদিকে, নেতাজির জন্মদিবসের ছুটি বাতিলের অভিযোগ নাকচ করেছেন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের ডেপুটি জেনারেল ম্যানেজার। তিনি জানান, আগের মতোই নেতাজির জন্মদিন রেস্ট্রিকটেড হলিডে হিসেবে তালিকাভুক্ত রয়েছে। আলাদা করে ওইদিন ছুটি বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আরও বলেন, অনুমোদিত ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনা করেই ছুটির তালিকা তৈরি হয় এবং কোনো ছুটি বাতিল করা হয়নি।

Share: