হারিয়ে যাওয়া ৭০০ মোবাইল ফোন প্রাপকদের ফেরাল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশের 'প্রাপ্তি' প্রজেক্টের মাধ্যমে ৭০০ টি মোবাইল ফোন প্রাপকদের হাতে ফিরিয়ে দেওয়া হল। সোমবার, পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে প্রাপকদের হাতে তুলে দেয় জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় এই মোবাইল ফোনগুলি হারিয়ে যায় বা চুরি হয়। সেগুলি পুলিশের বিশেষ দল তদন্ত করে উদ্ধার করে। সেগুলিই এদিন তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন, "এই মোবাইলগুলি চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া। মোবাইল চোরদের র্যাকেটের খোঁজ পাওয়া গেছে। তাদের জেরা করে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোবাইল। " প্রাপকরা হাতে মোবাইল ফোন ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

