জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রথম দিন থেকেই পাশে ছিলাম, তবে যেদিন থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন, সেদিন থেকে তাদের পাশে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো আপস নয়। আর জি কর মেডিক্যাল কলেজের ডাক্তার বোনের মৃত্যুর জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ড যাওয়ার পথে দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নেমে এ কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন প্রসঙ্গে নিজের মত প্রকাশ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "যদি অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়, তবে কোনও হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না।" আজ ঝাড়খণ্ডে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর দিয়ে অন্ডালে নামেন তিনি, সেখানেই আর জি কর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন।
তৃণমূলকে "প্রাইভেট লিমিটেড কোম্পানি" আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই কী বলেছেন, সেটা তৃণমূল কোম্পানির মালিক বলতে পারেন।" তিনি আরও অভিযোগ করেন, "যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং হিন্দুরা ভোট দিতে পারেন, তাহলে এই সরকার পড়ে যাবে, কারণ ভোট দিতে দেয় না। গত নির্বাচনে হিন্দুরা ভোট দিতে পারেননি; পারলে তৃণমূল হারত।"
২০২৬-এ অমিত শাহের রাজ্যে পরিবর্তনের বার্তা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "উনি আমাদের নেতা, আমরা দলের কর্মী।"

