দিনের পর দিন প্রযুক্তিগত উন্নতি যত বাড়ছে, ততই সমান তালে বেড়ে চলেছে সাইবার অপরাধ। দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের অপরাধ মাথাচাড়া দিয়ে উঠছে। প্রশাসনের পক্ষ থেকে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের বিভিন্ন ইউনিট এই অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে চলেছে।
সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট। সেই অনুযায়ী, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার উদ্যোগে থানা চত্বরে একটি সাইবার সেল, সিসিটিভি কন্ট্রোল রুম, মহিলা সহায়তা কেন্দ্র, চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং একটি প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হয়েছে।
এদিন সালানপুর থানায় আয়োজিত অনুষ্ঠানে ফিতে কেটে সাইবার ডেক্স এবং সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন ডিসি (ওয়েস্ট) সন্দীপ কারার, এসিপি (কুলটি) এস.কে জাবেদ হোসেন এবং সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি।
ডিসি (ওয়েস্ট) সন্দীপ কারার জানান, পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি থানায় এই ধরনের কন্ট্রোল রুম চালু করা হচ্ছে। সেইমতো, আজ সালানপুর থানা এলাকায় পরিদর্শনের পাশাপাশি এই কন্ট্রোল রুমগুলোর উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। লক্ষ লক্ষ মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি থানার পুলিশদের প্রশিক্ষণ দিয়ে সাইবার ডেক্সের কাজ করানো হচ্ছে।
সাধারণ মানুষকে নিরাপদ রাখতে পুলিশের এই ইউনিট ২৪ ঘণ্টা পরিষেবা প্রদান করবে। তাছাড়া, সালানপুর থানা এলাকায় ১৫৯টি সিসিটিভি ক্যামেরা এবং ৪টি ANPR ক্যামেরা লাগানো হয়েছে। এর মধ্যে আজ ৩৯টি সিসিটিভি ক্যামেরা এবং একটি ANPR ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য, কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ লাল্টু পাখিরা এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।

