Saturday, 20 Jun 2026

মধুচক্রের পর্দাফাঁস গলসি থানার পুলিশের

IMG

গলসির সীমনোড় মোড় সংলগ্ন একটি হোটেলে মধুচক্রের অভিযোগে অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা জানতে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় পুলিশ।


গোপন সূত্রে জানা গিয়েছে যে গলসি এলাকার এই হোটেলে দীর্ঘদিন ধরেই মধুচক্র চালানো হচ্ছিল। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে গলসি থানার বিশাল পুলিশ বাহিনী ওই হোটেলে অভিযান চালায়। অভিযানের নেতৃত্বে ছিলেন ডিএসপি অজয় শংকর চট্টোপাধ্যায়, সিআই শৈলেন্দ্র উপাধ্যায় এবং গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার অরুণ সোম। অভিযানে কয়েকজন পুরুষ ও মহিলা আটক হন, যারা মধুচক্রের সাথে যুক্ত বলে জানা গেছে। এছাড়া, বেশ কিছু আপত্তিজনক সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, এই হোটেলটি দীর্ঘদিন ধরেই সন্দেহজনক কার্যকলাপে লিপ্ত ছিল এবং বেশ কিছুদিন ধরে এখানে মধুচক্রের আসর বসছিল। কয়েক বছর আগেও এই হোটেলে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের ধারে এই হোটেলে বিভিন্ন এলাকা থেকে পুরুষদের আনাগোনা চলত দিন-রাত। হোটেল মালিক বিভিন্ন এলাকা থেকে মহিলাদের এনে মধুচক্র পরিচালনা করতেন। এর ফলে স্থানীয় যুবকরাও সেখানে যাওয়া-আসা শুরু করে, যা এলাকার পরিবেশ নষ্ট করছিল। পুলিশের এই অভিযানে তাই এলাকাবাসী সন্তুষ্ট।

Share: