Stray Dogs Poisoned to Death in Hirapur, Asansol Erupts in Outrage Over Allegations
আসানসোলের হীরাপুরের এমটিসি পল্লি গার্লস স্কুল এলাকায় আটটি পথকুকুরকে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে এলাকার এক বাসিন্দা বিকাশ মণ্ডলের বিরুদ্ধে। ঘটনায় এখন পর্যন্ত তিনটি কুকুরের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও দুটি। নিখোঁজ রয়েছে বাকি তিনটি কুকুর, যাদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছেন পশুপ্রেমীরা।
স্থানীয় পশুপ্রেমী সুমিত ভট্টাচার্যের দাবি, তিনি প্রতিদিনই ওই কুকুরগুলিকে খাবার দেন। কয়েকদিন আগে বিকাশ মণ্ডলের একটি মুরগি কুকুরদের আক্রমণে মারা যাওয়ায়, সেই ঘটনার পর থেকেই তিনি ক্ষুব্ধ ছিলেন এবং সুমিতকে প্রকাশ্যে হুমকি দেন যে কুকুরগুলিকে বিষ দিয়ে মারবেন। অভিযোগ, শনিবার রাতে তিনি সেই হুমকিই কার্যকর করেন—খাবারে বিষ মিশিয়ে কুকুরদের খাওয়ান।
রবিবার সকালে খাবার দিতে গিয়ে সুমিত দেখেন, তিনটি কুকুর মৃত অবস্থায় পড়ে আছে। আরও দুটি রক্তবমি করে লুটিয়ে পড়ে, যাদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল শহরের পশুপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা হীরাপুর থানার সামনে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তের অবিলম্বে গ্রেফতারির দাবি জানান। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

