আসানসোল পুলিশ কমিশনারের দপ্তরের সামনে থেকে ঝাড়খণ্ডের এক যুবককে অপহরণ করা হয়েছে। ডাক্তার দেখাতে তিন বন্ধু মিলে সারদা পল্লীতে এসেছিলেন। সেখান থেকে রবিবার সকাল প্রায় দশটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী যুবক নুকুল মন্ডলকে অপহরণ করে। নুকুল মন্ডলের বাড়ি দেওঘর জেলার আসনবনি থানার অন্তর্গত চিত্রা এলাকায়। নুকুলের পরিবার আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
পুলিশ তদন্তে নেমে আজ ভোর চারটার দিকে আসানসোলের কুলটি থানার অন্তর্গত চৌরাঙ্গী মোড় থেকে নুকুলকে উদ্ধার করে। এরপর পুলিশ নুকুল ও তার বন্ধুদের সাথে কথা বলে এবং গতরাতে ৫ জনকে গ্রেফতার করে।
বুধবার অভিযুক্তদের আসানসোল আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে। অপহরণের পর নুকুলের পরিবারের কাছে ২৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা। দিনের আলোয় এভাবে অপহরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্তদের বাড়ি আসানসোল দক্ষিণ থানা, উত্তর থানা, এবং কুলটি থানার এলাকায়। জানা গেছে, অপহরণের পরিকল্পনা ঝাড়খণ্ডে বসে করা হয়েছে এবং ঝাড়খণ্ডের বেশ কিছু দুষ্কৃতী এতে যুক্ত রয়েছে। তাদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করছে।

