Saturday, 20 Jun 2026

শিল্পাঞ্চলে ইডি–সিবিআই তদন্ত নিয়ে তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারীর

IMG

Suvendu Adhikari launches a sharp attack on Trinamool over ED–CBI investigations in the industrial belt

অমৃতা দাশ, দুর্গাপুর : আসানসোল–‌ রানিগঞ্জ শিল্পাঞ্চলে বারবার ইডি ও সিবিআই তদন্তের প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দিতে এসে তিনি এই অভিযোগ তোলেন।

সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যে কয়লা ও বালি কেলেঙ্কারির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাঁর বক্তব্য, এই দুর্নীতির কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বারবার শিল্পাঞ্চলে আসতে হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, নদীর পাড় ধ্বংস করা হয়েছে এবং নদী ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। তাঁর দাবি, মাত্র ১০টি বৈধ ঘাটের আড়ালে অসংখ্য অবৈধ ঘাট চালানো হচ্ছে, যার সঙ্গে বালি মাফিয়া ও তৃণমূলের নেতাদের যোগ রয়েছে।

এদিন নন্দীগ্রামের একটি ভাইরাল ভিডিও নিয়েও সরব হন শুভেন্দু। তাঁর অভিযোগ, নির্বাচনে জেতার জন্য তৃণমূল কংগ্রেস বিরোধী প্রার্থীদের প্রভাবিত বা কিনে নেওয়ার চেষ্টা করছে। জনসভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের প্রার্থী লক্ষণ ঘড়ুই, জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা-সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভার শেষে শুভেন্দু অধিকারী দাবি করেন, আসন্ন নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই তৃণমূল অবৈধ পন্থা অবলম্বন করছে।


Share: