Saturday, 20 Jun 2026

পশ্চিম বর্ধমানের বিভিন্ন বাজারে হানা টাস্ক ফোর্সের

IMG

উৎসবের মরশুম শেষ হলেও পেঁয়াজের চড়া দামে এখনও নাজেহাল আম জনতা। আসানসোল, বার্নপুর সহ শিল্পাঞ্চলের বাজারগুলিতে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। এই পরিস্থিতিতে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের নির্দেশে আসানসোল ও বার্ণপুরের সবজি বাজারে হানা দেয় জেলা টাস্ক ফোর্স। বাজারে উপস্থিত টাস্ক ফোর্সের সদস্যরা বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে আলু, পেঁয়াজ ও অন্যান্য সবজির বর্তমান বাজার দর এবং ক্রেতাদের সমস্যাগুলি জানার চেষ্টা করেন।


পশ্চিম বর্ধমান জেলা এ্যাগ্রি মার্কেটিংয়ের এ্যাসিসটেন্ট ডিরেক্টর দিলীপ মণ্ডল জানান, জেলাশাসকের নির্দেশে এগ্রি মার্কেটিং এবং জেলা টাস্ক ফোর্স আসানসোল ও বার্ণপুরের বাজার পরিদর্শন করেছে। দেখা গেছে, আলু সহ বেশ কিছু সবজির দাম কমেছে, যদিও দু-একটি সবজির দাম এখনো বেশি। তবে পেঁয়াজের দাম এখনও চড়া। শীতের সবজি ধীরে ধীরে বাজারে আসছে। আশা করা হচ্ছে, আগামী ১০-১৫ দিনের মধ্যে সব সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমবে।


বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা জানান, সবজির দাম এখনও অনেকটাই বেশি। বেশিরভাগ সবজি ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর কম পরিমাণে কিনলে বেশি দাম নেওয়া হচ্ছে। প্রশাসনের এ বিষয়ে নজর দেওয়া উচিত বলে তাদের দাবি।

Share: