গত ৯ই আগস্ট রাজ্যের অন্যতম ‘এলিট’ হাসপাতাল আরজি কর-এ ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয় কর্মরত তরুণী চিকিৎসক তিলোত্তমাকে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে শামিল হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। বিভিন্ন সংগঠন বিক্ষোভ প্রদর্শন ও নানান কর্মসূচি পালন করে তাদের প্রতিবাদ জানাচ্ছে, সবার মুখে একটাই দাবি—‘উই ওয়ান্ট জাস্টিস’।
রবিবার সন্ধ্যায় আসানসোলের ইস্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তনীরা মোমবাতি এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে আসানসোলের রাজপথে একটি মিছিলের আয়োজন করেন। প্রাক্তনীরা তিলোত্তমার বিচারের দাবি তুলে স্লোগান দিতে থাকেন। এই মহামিছিলটি ইস্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুল থেকে শুরু করে ভগৎ সিং মোড় পর্যন্ত হয়, যা আরজি করের ঘটনার প্রতিবাদে তাদের দৃঢ় অবস্থানকে প্রকাশ করে।

