উচ্ছেদ অভিযানে জনরোষে পড়ল দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ

IMG

উচ্ছেদ অভিযানে এসে জনরোষের মুখে কার্যত পিছু হটতে বাধ্য হলেন দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা। এলাকাবাসীদের সাথে ধাক্কাধাক্কি, ইট ছোঁড়া—কোনো কিছুরই অভাব ছিল না এই অভিযানে। এমনকি সিআইএসএফ জওয়ানরাও শেষ পর্যন্ত হাল ছাড়তে বাধ্য হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


দুর্গাপুর ইস্পাত নগরীর মহিষকরপুর রোডের শরৎচন্দ্র এভিনিউতে রাস্তার দু'ধারে দুর্গাপুর ইস্পাত কারখানার জমি দখল করে অনেকে অবৈধভাবে দোকান ও গ্যারেজ গড়ে তুলেছেন। কারখানা কর্তৃপক্ষের তরফে তাদের এই জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও অনেকেই দখল ছাড়েননি। তাই শনিবার কারখানা কর্তৃপক্ষ জেসিবি মেশিন এনে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে। কাজ কিছুটা এগোতেই এলাকার দখলদাররা বাধা দিতে শুরু করেন। প্রথমে কথাকাটাকাটি, এরপর শুরু হয় ধাক্কাধাক্কি। এলাকাবাসীদের মধ্যে অনেক মহিলা জেসিবি মেশিন ও কর্তৃপক্ষকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআইএসএফ জওয়ানরা বেশ বেগ পেতে থাকেন। যখন পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতে শুরু করে, তখন দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Share: