Saturday, 20 Jun 2026

সরকারি খাসজমি দখল করা নিয়ে বিতর্ক তুঙ্গে

IMG

দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের পরানগঞ্জে সরকারি খাস জমি নিয়ে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। রবিবার সকালে প্রোমোটাররা ওই জমিতে নির্মাণকাজ শুরু করতে গেলে এলাকাবাসীরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়।  


স্থানীয় বাসিন্দা মুক্তি ঘোষের অভিযোগ, প্রোমোটাররা খাস জমি বেআইনিভাবে দখল নিচ্ছে এবং তৃণমূল নেতৃত্বের একাংশের মদতে জমিটি বেআইনিভাবে হাত বদল হয়েছে। জমিটি দুর্গাপুরের বদলে আসানসোলে রেজিস্ট্রি করা হয় বলে তিনি দাবি করেন। অন্যদিকে, স্থানীয় বাসিন্দা উত্তম গোপের দাবি, জমিটি তার কাকার নামে রেকর্ড করা রয়েছে এবং এখানে রিসোর্ট তৈরির পরিকল্পনা এলাকার বেকার যুবকদের উপকারে আসবে।  


এ ঘটনার জেরে বিজেপি সরব হয়েছে। বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সরকারি খাস জমির দখলদারি এই সংঘর্ষের মূল কারণ।  


তবে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় স্পষ্ট জানান, তৃণমূলের এর সঙ্গে কোনো যোগ নেই। জমিটি যদি খাস জমি হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দলে কোনো বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না।  


এ ঘটনা নিয়ে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

Share: