অন্ডালের উখড়া পাঠকপাড়ার এই পুজো ব্রাহ্মণরা নয়, শূদ্ররা করেন! মহিলা ঢাকিদের ঢাকের বাদ্যে পুকুর থেকে কলাবউ স্নান করিয়ে আনার পর শুরু হয় দেবী যোগমায়ার পুজো। প্রতিবছর দুর্গাপুজোর সময় ছৌ শিল্পীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে বেরিয়ে যান পেটের তাগিদে, ফলে তাঁরা নিজেরা উৎসবে সামিল হতে পারেন না। কিন্তু তাঁদেরও ইচ্ছা করে দেবী দুর্গার আরাধনা করতে। তাই ছৌ শিল্পীরা দুর্গাপুজোর আগেই অকাল দেবী বন্দনার আয়োজন করেন। এই পুজো চার দিন ধরে চলে।
তবে শুধু ছৌ শিল্পীরাই নন, এই পুজোয় এলাকার সমস্ত শ্রেণীর মানুষ সমবেত হন। মহিলা ঢাকিদের ঢাকের লড়াই, ছৌ নাচ সহ বিভিন্ন অনুষ্ঠানও হয়। উদ্যোক্তা অর্চিষ্মান পাল বলেন, "আমাদেরও ইচ্ছা করে দুর্গাপুজোয় আনন্দ করতে। কিন্তু পেশার তাগিদে অন্যদের আনন্দ দিতে গিয়ে নিজেদের আনন্দ করা হয়ে ওঠে না। তাই আমরা দুর্গাপুজোর আগের অষ্টমীতে দেবী যোগমায়ার পুজোর আয়োজন করি। দুর্গাপুজোর মতোই সমস্ত কিছু করা হয়। পুজোয় কোনও ব্রাহ্মণ পুজো করেন না, পুজো আমি নিজেই করি। এই পুজো গত ৭ বছর ধরে চলে আসছে। জাতি-ধর্ম নির্বিশেষে এলাকার সকলেই এই পুজোয় অংশ নেন।"

