Saturday, 20 Jun 2026

আচমকাই বিদ্যালয়ে ঢুকলেন মন্ত্রী। মাটিতে বসে শিক্ষকের ভূমিকায় মন্ত্রী প্রদীপ মজুমদার।

IMG

শনিবার সকালে হঠাৎ করেই মলানদিঘী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে থামলো রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের কনভয়। পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষকে সঙ্গে নিয়ে তিনি সোজা প্রবেশ করলেন বিদ্যালয়ের ভেতরে। তখন স্কুলের বাগানে খুদে পড়ুয়াদের নিয়ে চলছিল সাপ্তাহিক ‘আনন্দ পরিসর’। শিক্ষকেরা শিশুদের নানা বিষয়ে সচেতন করছিলেন। মন্ত্রীকে হঠাৎ দেখে সবাই চমকে গেলেন। শিক্ষক-শিক্ষিকারা তাড়াতাড়ি চেয়ার আনার ব্যবস্থা করলেও তিনি মাটিতেই পাতা আসনের ওপর বসে পড়লেন।  


মন্ত্রী পড়ুয়াদের কাছে কবিতা শুনতে চাইলেন। দ্বিতীয় শ্রেণীর ছাত্র ঋষি রুইদাস উঠে দাঁড়িয়ে সুকুমার রায়ের 'আদর্শ ছেলে' কবিতা আবৃত্তি করল। মন্ত্রী কবিতা শুনে অভিভূত হয়ে তাকে বুকে টেনে নিলেন। আরেক খুদে পড়ুয়া রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমরা চাষ করি আনন্দে' কবিতাটি শোনালো। মন্ত্রী স্নেহভরে তার সঙ্গেও হাত মেলালেন। এরপর তিনি পড়ুয়াদের কাছে তাদের অভাব-অভিযোগ শুনলেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও মত বিনিময় করলেন।  


প্রায় এক ঘণ্টা ধরে তিনি সময় কাটালেন বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিঠু মন্ডল বললেন, "আজকের আনন্দ পরিসর সত্যিই অনন্য হয়ে উঠল। মন্ত্রী নিজে এসে পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন, তাদের কথা শুনলেন, এমনকি মাটিতে বসে তাদের সঙ্গে একাত্ম হলেন—এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।"  


মন্ত্রী নিজেও এই অভিজ্ঞতায় আপ্লুত হয়ে বললেন, "স্কুল মানেই বন্দিশালা নয়, এখানে আনন্দের পরিবেশে শিক্ষাদান হওয়া উচিত। আজ আমি দারুণ দুটি কবিতা শুনলাম। শিক্ষক-শিক্ষিকারাও অত্যন্ত আন্তরিকভাবে পড়ুয়াদের গড়ে তুলছেন, যা সত্যিই প্রশংসনীয়।"

Share: