লক্ষ্মী চ্যাটার্জি : রবিবার সকালে দুর্গাপুর চিত্রালয় ময়দানে পুরোহিতের পবিত্র মন্ত্র উচ্চারণ,শঙ্খধ্বনি এবং উলুধ্বনির সহযোগে খুঁটি পুজোর মধ্য দিয়ে দ্বিতীয় দুর্গাপুর উৎসবের সূচনা হলো। নৃত্য গীত সহ ছিল একটি বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও উৎসব কমিটির প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক, উৎসব কমিটির চেয়ারম্যান নরেন্দ্রনাথ চক্রবর্তী। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষাল, দীপঙ্কর লাহা, রামকৃষ্ণ মুখার্জী, চিকিৎসক সত্যজিৎ বোস, প্রভাত চট্টোপাধ্যায়, রাখি তেওয়ারি ও চন্দন দত্ত প্রমুখ। উৎসব কমিটির পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিদের পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়।রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, দুর্গাপুর সারা ভারতবর্ষে প্রথম শিল্পশহর হিসেবেই আত্মপ্রকাশ করেছিল। এবারে দূষণমুক্ত দুর্গাপুর গড়ে তোলার লক্ষ্য দুর্গাপুর শহরে আইটি হাব গড়ে তোলবার চেষ্টা চলছে। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ইতিমধ্যেই দূর্গাপুর,স্বাস্থ্য ও শিক্ষার জগতে বিশাল আধিপত্য বিস্তার করেছে। রয়েছে ছোট-বড় নানা কারখানা, কিন্তু শহরে দূষণের মাত্রা খুব বেশি। এবার আমাদের প্রধান আকর্ষণ "ডেস্টিনেশন দুর্গাপুর"। শহরে দূষণমুক্ত শিল্প গড়তে হবে। শীতের কুয়াশামাখা মিষ্টি সকালে দুর্গাপুরবাসীর শুভ সূচনার অনুষ্ঠানে উৎসাহ দেখে মনে হয় এই উৎসব হয়ে উঠবে দুর্গাপুরের প্রাণের উৎসব, মনের উৎসব।

