ঊর্বশীতে এবার এক টুকরো রাজস্থান, প্রকাশিত হলো সেই থিম সং। চারদিকে ধূ ধূ মরুভূমি, মাঝখানে মরীচিকা, আর সেই পরিবেশেই রাজস্থানের মানুষের জীবনযাত্রা। এই ছবিই ফুটে উঠতে চলেছে শিল্পাঞ্চল দুর্গাপুরের একটি পুজো মণ্ডপে। প্রতি বছরই দুর্গাপুর সিটি সেন্টারের ঊর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটি নতুনত্বের থিম দিয়ে দর্শনার্থীদের মন জয় করে নেয়। এবারেও ‘এক টুকরো রাজস্থান’ থিমের মাধ্যমে মণ্ডপটি সাজানো হবে।
সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে ঊর্বশী সর্বজনীন দুর্গাপূজা কমিটি তাদের থিম সং প্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সন্দীপ দে, উদ্যোক্তা শ্যামল গঙ্গোপাধ্যায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। শ্যামল গঙ্গোপাধ্যায় জানান, "আমরা প্রতি বছর শিল্পাঞ্চলের মানুষদের কাছে নতুন কিছু উপস্থাপন করতে চাই। এবারে সম্পূর্ণ ভিন্ন ধারায় ‘এক টুকরো রাজস্থান’ তুলে ধরা হবে। রাজস্থানের মানুষের কঠোর জীবনযাত্রা, মরুভূমির মধ্যেও কীভাবে উটের পিঠে চেপে চলাফেরা করতে হয়, তা এখানে তুলে ধরা হবে। সেখানকার সংস্কৃতি ও ঐতিহ্যও মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। আমরা আশাবাদী, এই পুজোটিও জেলার সেরা পুজো গুলির মধ্যে অন্যতম হয়ে উঠবে।"

