Saturday, 20 Jun 2026

যত্রতত্র পড়ে রয়েছে হাজার হাজার ভোটার কার্ড, চাঞ্চল্য এলাকায়

IMG

লাউদোহা: বর্জ্য নিষ্কাশন ও প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভেতর পড়ে বহু ভোটার কার্ড, ভোটার লিস্ট। জানাজানি হতেই ছড়িয়ে গেল চাঞ্চল্য। পৌঁছালো পুলিশ। জানা গিয়েছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা গ্রাম পঞ্চায়েতের বাঁশগড়া এলাকার জঙ্গলের ধারে রয়েছে দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির বর্জ্য নিষ্কাশন ও প্রক্রিয়াকরণ কেন্দ্র। সোমবার সকালে স্থানীয়দের নজরে আসে বর্জ্য নিষ্কাশন ও প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভেতর পড়ে রয়েছে কয়েক হাজার ভোটার কার্ড, ভোটার লিস্ট এবং সমস্ত রাজনৈতিক দলের বহু পতাকা, স্ট্যাম্প সহ সরকারি নানান জিনিস। এগুলি কোথা থেকে এলো দেখেই চোখ কপালে ওঠে স্থানীয়দের। খবর দেওয়া হয় দুর্গাপুর ফরিদপুর থানায়। পশ্চিমবঙ্গ জুমিত আদিবাসী গাঁওতার সদস্য সুনীল বেসরা অভিযোগ তুলে বলেন,"আজ সকালে আমরা খবর পেয়েই এখানে এসে দেখি কয়েক হাজার ভোটার কার্ড সহ নানান সরকারি সামগ্রী পড়ে রয়েছে। এই এলাকায় যদি কোন অপরাধের ঘটনা ঘটে তাহলে তো যাদের নামের ভোটার কার্ড পড়ে আছে তারাই জড়িত হয়ে যাবে। এই ভোটার কার্ড আর সরকারি সামগ্রী যারা ফেলে গিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। "দুর্গাপুর ফরিদপুরের বিডিও অর্ঘ্য মুখার্জি বলেন,"ওই বর্জ্য নিষ্কাশন ও প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভেতর রাখা হয়েছিল মেয়াদ উত্তীর্ণ ভোটার কার্ড সহ নানান সরকারি সামগ্রী। সেইখানে দরজা-জানালা চুরি হওয়ার জন্য এগুলি দেখা যাচ্ছে। ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

Share: