Saturday, 20 Jun 2026

দুর্গাপুর থেকে ট্রাক হাইজ্যাক করতে গিয়ে পুলিশের জালে তিন দুষ্কৃতি

IMG

ট্রাক হাইজ্যাক করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল তিন দুষ্কৃতী। দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ মোবাইল ট্র্যাকারের সূত্র ধরে অন্য জেলায় গিয়ে হাইজ্যাক হওয়া ট্রাক ও তার মধ্যে থাকা বেসরকারি সংস্থার সমস্ত জিনিসপত্র উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে একাধিক অভিযুক্তকে।


গত ৯ সেপ্টেম্বর দুর্গাপুর থেকে একটি বেসরকারি কারখানার প্রায় ৫৪ লক্ষ টাকার পণ্য নিয়ে একটি ট্রাক উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু মাঝপথে সেই ট্রাকটি হাইজ্যাক হয়ে যায়। ট্রাক চালকের মোবাইল বন্ধ থাকায় চালকের সঙ্গে ট্রান্সপোর্টারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে ট্রান্সপোর্টার ভেবেছিলেন পুজোর কারণে হয়তো মোবাইল বন্ধ রয়েছে। কিন্তু দীর্ঘসময় মোবাইল বন্ধ থাকায় কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।


তদন্তে নেমে পুলিশ পূর্ব মেদিনীপুরের খড়গপুর থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ট্রাকের চালক এম ডি ফয়েজ, চালকের বন্ধু সোমনাথ ঝা এবং শেখ ইয়াসিন নামে এক রিসিভারকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক অনুমান, তারা এই ৫৪ লক্ষ টাকার বেসরকারি সংস্থার অর্ডারের জিনিসপত্র বিক্রি করে পালানোর পরিকল্পনা করেছিল।


আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্ত জানিয়েছেন, ধৃতদের আগামীকাল দুর্গাপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চাওয়া হবে। ধৃতদের জেরা করে পুলিশ এই অপরাধ চক্রের মূল পান্ডার কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। ট্রাক ও পণ্য উদ্ধার হওয়ায় বেসরকারি সংস্থার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ট্রান্সপোর্টার কিছুটা স্বস্তি পেয়েছেন।

Share: