‘জলজীবন মিশন’ প্রকল্পের জলের পাইপ লাইন বসানোর কাজ করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের, গুরুতর আহত আরও একজন। ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর গ্রাম পঞ্চায়েতের ডামালিয়া এলাকায়।
মৃত শ্রমিকদের মধ্যে দুজন, রাজ্জাক শেখ (২০) ও রোহিত শেখ (১৮), ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা। অপরজন, নীতিশ পাসোয়ান (৪৫), আসানসোলের কুলটি থানার নিউ রোড এলাকার বাসিন্দা। আহত শ্রমিকের নাম সামসুর শেখ, যার অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, গত ১০-১২ দিন ধরে রাজ্য সরকারের ‘জলজীবন মিশন’ প্রকল্পের অধীনে মাটির নিচে জলের পাইপ লাইন বসানোর কাজ চলছিল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তত্ত্বাবধানে একটি ঠিকাদারি সংস্থার কর্মীরা বিশাল গর্ত খুঁড়ে সেই কাজ করছিলেন। গর্তের পাশে জড়ো করা মাটি আচমকাই ধসে পড়ে, ফলে গর্তে কাজ করছিলেন এমন চার শ্রমিক চাপা পড়ে যান।
জেসিবি মেশিন দিয়ে মাটি সরিয়ে শ্রমিকদের উদ্ধার করা হয় এবং তড়িঘড়ি স্থানীয় পিঠাইকেয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পিএইচই দপ্তরের আধিকারিক ও সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

