TMC Holds Sit-in Protest in Asansol Against Alleged Attack on Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা ও হেনস্তার ঘটনার প্রতিবাদে রবিবার আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। “বিজেপি সরকার জবাব দাও” স্লোগানে মুখরিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়-সহ দলের একাধিক নেতা। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পারিষদ, কাউন্সিলর এবং দলীয় কর্মী-সমর্থকেরা।
এদিন নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বর্তমান শাসক দল বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে চাইছে। কিন্তু দেশের মানুষ সবকিছু দেখছেন এবং সময়মতো তার উপযুক্ত জবাব দেবেন।”
অন্যদিকে মেয়র বিধান উপাধ্যায় বলেন, “একজন সাংসদকে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে উদ্বেগজনক। গোটা দেশ এই ঘটনা দেখেছে।”
তৃণমূল কংগ্রেসের দাবি, বিরোধী নেতাদের উপর ধারাবাহিক হামলা ও হেনস্তার ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ হিসেবেই এদিনের অবস্থান-বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

