দুর্গাপুরের একটি প্রখ্যাত স্বর্ণ বিপনিতে এসে টলিউড অভিনেত্রী ঈষা সাহা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আরজিকর হাসপাতালে তিলোত্তমার নারকীয় ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, "এবার পুজোর সেই উৎসাহ কলকাতায় উধাও হয়ে গেছে। রাজ্যবাসী এখন আরজিকরের ঘটনার সুবিচারের দাবিতে সোচ্চার। সবাই একেবারে মনমরা।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন, "জুনিয়র চিকিৎসকরা দ্রুত কাজে ফিরুন এবং সাধারণ মানুষ দুর্গাপুজোর আয়োজনে ফিরে আসুন।" এর প্রতিক্রিয়ায় ঈষা সাহা, যিনি দুর্গেশগড়ের গুপ্তধন, কর্নসুবর্ণের গুপ্তধন, কাছের মানুষ চলচ্চিত্রের অভিনেত্রী, বলেন, "মুখ্যমন্ত্রী হিসেবে তিনি জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন করেছেন, যা ঠিক করেছেন। তবে তিনি সাধারণ মানুষের দাবীকৃত সুবিচার নিয়েও কিছু বলুন।"
এরপর ঈষা সুপ্রিম কোর্টের গতকালের রায় প্রসঙ্গে বলেন, "সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমার কিছু বলার নেই, কারণ সুপ্রিম কোর্টে এই ঘটনার আসল মামলা শুনানি হবে না। তা হবে লোয়ার কোর্টে, তাই আমার নজর সেদিকেই।"
আসন্ন দুর্গোৎসব নিয়ে বলতে গিয়ে ঈষা সাহা বলেন, "এবার পুজোর কোনো গন্ধ নেই কলকাতায়। সবাই অত্যন্ত বিষণ্ণ। এই ঘটনায় সবার মন খারাপ।" এই ঘটনা নিয়ে যে রাজনীতি চলছে, তা নিয়ে ঈষা বলেন, "বাঙালির রক্তে রাজনীতি। সুতরাং, সবকিছুতেই যে রাজনীতি মিশে যাবে, তা স্বাভাবিক।"
আরজিকরের এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবারের দুর্গোৎসব অনেকটাই ম্লান হয়ে পড়বে বলে স্পষ্টভাবে জানালেন টলিউডের এই অভিনেত্রী।

