Trinamool candidate Narendranath Chakraborty campaigns intensively in Jemuya village
নির্বাচন ঘনিয়ে আসতেই তৃণমূল কংগ্রেস গ্রামবাংলায় প্রচারের ঝাঁজ আরও বাড়িয়েছে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর কেন্দ্রের জেমুয়া গ্রামে মঙ্গলবার জোরদার প্রচারে নামেন দলের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।
দিনের শুরুতে স্থানীয় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর ঢাক-ঢোলের তালে কর্মী-সমর্থকদের নিয়ে গোটা গ্রাম জুড়ে পদযাত্রা করেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলা, সমস্যার খোঁজ নেওয়া—সব মিলিয়ে প্রচারে ছিল উৎসবের আবহ।
এই কর্মসূচির মধ্যেই বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মেলে। প্রার্থীর সামনেই ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট ছেড়ে ৫৭টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানানো হয়।
প্রার্থীর বক্তব্য, রাজ্যের উন্নয়নমূলক কাজ দেখে সাধারণ মানুষ তৃণমূলের প্রতি আস্থা রাখছেন বলেই এই যোগদান বাড়ছে। পাশাপাশি বিরোধী শিবিরের সংগঠনিক দুর্বলতাও এর পিছনে কাজ করছে বলে তাঁর মত।
অন্যদিকে, এতগুলি পরিবারের একসঙ্গে দলবদল ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে। ভোটের আগে এই পরিবর্তন কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন জোর জল্পনা চলছে।

