Saturday, 20 Jun 2026

কুম্ভ যাওয়ার পথে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের

IMG

একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হল কুম্ভ যাওয়ার পথে। এই ঘটনায় ওই পরিবারের চার মহিলা সহ মোট ছয়জন আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে আসানসোল জেলা হাসপাতালে। তবে আহতদের মধ্যে শিউলি কর্মকার নামের এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 


ঘটনার সূত্রে জানা গেছে, বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের আটজনের একটি দল প্রয়াগরাজের উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার হঠাৎ আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে তীর্থযাত্রী ভর্তি একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে। 


খবর পেয়ে তড়িঘড়ি চৌরঙ্গি ফাঁড়ি ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ গাড়ির যাত্রীদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মৃতদের নাম শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০) ও শান্তনু মুখোপাধ্যায় (৬৫)।

Share: