Saturday, 20 Jun 2026

প্রাকৃতিক বিপর্যয়ে ঘর হারানো বিধবা পেলেন পাকা বাড়ি

IMG

একটানা কয়েকদিনের টানা বৃষ্টির কারণে দুর্গাপুরের নাগার্জুন এভিনিউ সংলগ্ন বস্তি এলাকার মিনা বাউরি নামক এক সহায়-সম্বলহীন বিধবা মহিলার মাটির তৈরি কাঁচা বাড়িটি ভেঙে পড়ে। প্রাকৃতিক এই বিপর্যয়ে বাড়ি হারিয়ে তিনি পথে বসতে বাধ্য হন। এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়ান তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর মহিলা সমিতির সদস্যরা। এরপর মিনা স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছে সাহায্যের আবেদন জানান। তৃণমূল নেতৃত্ব তাকে পাকা বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কয়েকদিনের মধ্যেই তার জন্য একটি পাকা বাড়ি নির্মাণ করা হয়।

রবিবার সেই নতুন বাড়িটির উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য অনিন্দিতা মুখোপাধ্যায় এবং বিশিষ্ট তৃণমূল নেতা ও সমাজসেবী নিখিল নায়েক।

অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, কেন্দ্রীয় সরকারের নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পের মাধ্যমে এই বাড়িটি তৈরি করা হয়েছে। অন্যদিকে, মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর মহিলাদের উদ্যোগে প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন মিনা বাউরির জন্য এই পাকা ঘর নির্মাণ করা হয়েছে।

নিখিল নায়েক, যিনি এই বাড়ি নির্মাণে বিশেষ ভূমিকা পালন করেন, জানান, সকলের সহযোগিতায় মিনা বাউরির নতুন গৃহ তৈরি সম্ভব হয়েছে। নতুন বাড়ি পেয়ে মিনা বাউরি অত্যন্ত খুশি এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

এছাড়াও, অনেকে জমির কাগজপত্রের অভাবে নিজ গৃহ পেতে সমস্যার সম্মুখীন হন, কিন্তু এই ক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ বিধবা মহিলার জন্য ঘর তৈরি করে তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর মহিলারা একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Share: