চাকরিতে নিয়োগের দাবিতে খনির চাণকের উপর ধর্নায় বসেন মহিলা। ইসিএলের কাজোরা এরিয়ার ইস্ট পরাশকোল কোলিয়ারিতে চাকরিতে নিয়োগের দাবিতে এক মহিলা ধর্নায় বসেন। কর্তৃপক্ষের আশ্বাসের পরে তিনি ধর্না প্রত্যাহার করেন। ঘটনাটি চাঞ্চল্য ছড়ায় কোলিয়ারি চত্বরে।
বেদনা মাঝির স্বামী লক্ষীরাম মাঝি ইসিএলের ইস্ট পরাশকোল কোলিয়ারিতে কাজ করতেন। দশ বছর আগে তাঁর মৃত্যু হয়। সংস্থার নিয়ম অনুযায়ী, মৃত্যুর পর চাকরি পাওয়ার দাবি জানান বেদনা মাঝি। তিনি জানান, স্বামীর মৃত্যুর পর সব কাগজপত্র জমা দিয়েও দশ বছর পর চাকরির নিয়োগ পত্র পাননি। এই কারণে তিনি মঙ্গলবার ধর্নায় বসেন। ধর্নার ফলে কোলিয়ারির উৎপাদন বন্ধ হয়ে যায়, যা সকাল আটটা থেকে ন'টা পর্যন্ত চলে। পরে কর্তৃপক্ষ আশ্বাস দিলে বেদনা মাঝি ধর্না প্রত্যাহার করেন।
তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসি বেদনা মাঝির সমর্থনে পাশে দাঁড়ায়। সংগঠনের নেতা গৌতম মন্ডল জানান, কর্তৃপক্ষ নিয়োগ পত্র দেওয়ার জন্য এক সপ্তাহ সময় চেয়েছে।

