Saturday, 20 Jun 2026

দুর্ঘটনায় প্রাণ গেল সায়ন যাদবের, আহত দুই; উত্তপ্ত বামুনাড়া শিল্পতালুক

IMG

Worker Dies in Tragic Accident at Private Factory in Durgapur

দুর্গাপুর মহকুমার কাঁকসার বামুনাড়া শিল্প তালুকের একটি বেসরকারি পাইপ তৈরির কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। রবিবার রাতের শিফটে কাজ করার সময় ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে পড়ে গুরুতরভাবে আহত হন তিনজন শ্রমিক। তাদের মধ্যে সগড়ভাঙা এলাকার বাসিন্দা সায়ন যাদব (২৫)-এর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তাঁর মাথায় সরাসরি ম্যাগনেট পড়ে মাথা থেঁতলে যায়।

গুরুতর আহত অবস্থায় এক শ্রমিককে বিধান নগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এবং অন্যজনকে শোভাপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে কারখানায়। ক্ষতিপূরণ এবং নিরাপত্তার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন সহকর্মী শ্রমিকরা। তাঁদের অভিযোগ, কারখানায় বার বার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনও সতর্কতা নিচ্ছে না। শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে। এমনকি দুর্ঘটনার পরেও কর্তৃপক্ষের কেউ এসে খোঁজ নেয়নি বলেও অভিযোগ উঠেছে। এদিন ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য রাজেশ কোণার। তিনি বলেন, “আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছি। তৃণমূল শ্রমিক সংগঠন সবসময় শ্রমিকদের স্বার্থে কাজ করে এসেছে এবং করে যাবে।”

অন্যদিকে, খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ কারখানায় পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

এই দুর্ঘটনা ফের একবার শিল্প তালুকে শ্রমিক নিরাপত্তার অভাব এবং কর্তৃপক্ষের গাফিলতির চিত্র সামনে আনল।

Share: