ফুটবল খেলতে যাওয়ার সময় অজয় নদীতে তলিয়ে গেল এক ২০ বছর বয়সী যুবক। ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বর থানার শ্যামলা ১ নম্বর ঘাটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জামুরিয়া বিধানসভা এবং পান্ডবেশ্বর থানার শ্যামলা অঞ্চলের ছত্তিশগন্ডা গ্রামের পাঁচ যুবক ফুটবল খেলতে পাশের জেলা বীরভূমের ভবানীগঞ্জ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। নদী পার হওয়ার সময় তিন যুবক সাঁতরে পাড়ে পৌঁছে গেলেও দুজন স্রোতের টানে তলিয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় একজনকে উদ্ধার করা গেলেও ২০ বছরের প্রসেনজিৎ বাদ্যকরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল এবং অঞ্চল সভাপতি বুধন রুইদাস। অসিত মণ্ডল জানান, পাঁচ যুবক দুপুর দেড়টা নাগাদ বীরভূমে ফুটবল খেলতে রওনা দেয়, তাদের নৌকো করে নদী পার হওয়ার কথা ছিল। কিন্তু নৌকো না থাকায় সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
এক স্থানীয় উদ্ধারকারী জানান, পাঁচজনের মধ্যে তিনজন সাঁতরে পার হলেও দুজন স্রোতের টানে তলিয়ে যায়। একজনকে উদ্ধার করা গেলেও প্রসেনজিৎ বাদ্যকরকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে পান্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল দেব মণ্ডল ঘটনাস্থলে পৌঁছান। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সন্ধ্যা পার হলেও প্রসেনজিৎ বাদ্যকরের দেহ উদ্ধার হয়নি। উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে যাচ্ছে, তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

